পৌষের শেষভাগে কনকনে শীত চুয়াডাঙ্গায়

পৌষের শেষভাগে কনকনে শীত চুয়াডাঙ্গায়

ফাইল ছবি

চুয়াডাঙ্গায় পৌষের শেষভাগের কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। রবিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
 
গত ৪ দিন চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও রবিবার তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে শীতের তীব্রতা কমেনি। উত্তর থেকে বয়ে আসা হিমশীতল বাতাস আর কুয়াশার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছেন না কেউ। প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে-খাওয়া মানুষ।

ঘন কুয়াশার কারণে সকাল থেকে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। যান চলাচল করছে ধীরগতিতে। বিশেষ করে দূরপাল্লার যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।

এদিকে, জেলার চারটি উপজেলায় শীতার্ত মানুষের মাঝে সরকারিভাবে প্রায় ১৫ হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় কম।  
  
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। আগামীকালও তাপমাত্রা কিছুটা বাড়বে এবং মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রায় পারদ কমে আসতে পারে।