ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে এই দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ২টি ফেরি।
গভীর রাত থেকে শুরু হওয়া এই কুয়াশায় নৌরুটে কয়েকশ মিটারের বেশি কিছুই দেখা যাচ্ছিল না, ফলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা কেটে নদীতে দৃশ্যমানতা স্বাভাবিক হলেই ফেরি চলাচল পুনরায় চালু করা হবে। তবে কুয়াশা দীর্ঘস্থায়ী হলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘নদীতে দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তাই আমাদের প্রধান বিবেচ্য। কুয়াশা কেটে দৃশ্যমানতা স্বাভাবিক হলে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।’