ভেনেজুয়েলায় অভিযানে ২০০ মার্কিন সেনা অংশ নেয়

ভেনেজুয়েলায় অভিযানে ২০০ মার্কিন সেনা অংশ নেয়

সংগ্রহীত ছবি

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নতুন তথ্য সামনে এনেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি জানিয়েছেন, গত শনিবার (৩ জানুয়ারি) কারাকাসে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার অভিযানে প্রায় ২০০ জন মার্কিন সেনা অংশ নেন। তার দাবি, এই অভিযানে একজন মার্কিন সেনাও নিহত হননি।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হেগসেথ বলেন, শনিবার কারাকাসের কেন্দ্রস্থলে মার্কিন বাহিনী অভিযান চালায়। সেখানে তারা ‘অনুসন্ধানে থাকা একজন ব্যক্তিকে’ সফলভাবে আটক করে। তিনি বলেন, এই অভিযান এমনভাবে সম্পন্ন হয়েছে, যাতে কোনো মার্কিন প্রাণহানি ঘটেনি।

হেগসেথের ভাষায়, এটি যুক্তরাষ্ট্রের শক্তি ও ন্যায়বিচারের দীর্ঘ হাত প্রয়োগের একটি উদাহরণ, যা কেবল যুক্তরাষ্ট্রই করতে পারে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রভাব ও প্রতিরোধক্ষমতা (ডিটারেন্স—শক্তি দেখিয়ে অন্যকে হামলা থেকে বিরত রাখা) নতুন করে প্রতিষ্ঠা করছেন।

এদিকে, মাদুরো দম্পতিকে আটক করার পর প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের ছেলে এবং ভেনেজুয়েলার কংগ্রেস সদস্য নিকোলাস মাদুরো গুয়েরা। তিনি যুক্তরাষ্ট্রের এই অভিযানকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। তার মতে, যদি কোনো রাষ্ট্রপ্রধানকে অপহরণ স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া হয়, তাহলে কোনো দেশই নিরাপদ থাকবে না। তিনি বলেন, আজ ভেনেজুয়েলা, কাল যে কোনো দেশ যারা যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করতে রাজি নয়-এই পরিস্থিতির শিকার হতে পারে,

মাদুরো গুয়েরা আরও বলেন, এটি শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়। বরং এটি বৈশ্বিক রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। একই সঙ্গে তিনি তার বাবা-মায়ের মুক্তি দাবি করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভিযোগপত্রে  নিজের নাম অন্তর্ভুক্ত করায়ও ক্ষোভ প্রকাশ করেন।