ইসলামী ফ্রন্টের প্রার্থীকে শোকজ
এসএম সরওয়ার
হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের ইসলামী ফ্রন্ট ও বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এসএম সরওয়ারকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বুধবার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান সিলেট সিভিল জজ আদালতের বিচারক মো. জামাল উদ্দিন এ নোটিশ প্রদান করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। আগামী ১২ জানুয়ারির মধ্যে এর লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ইসলামী ফ্রন্ট ও বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী হিসাবে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই এবং শায়েস্তাগঞ্জ উপজেলা) সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। উক্ত প্রচারণার একটি ভিডিও গত ৬ জানুয়ারি Habiganj24 নামক ফেসবুক পেইজে প্রকাশিত হওয়ায় এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। এ ভিডিও হবিগঞ্জ-৩ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়েছে। যা প্রাথমিকভাবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর লঙ্ঘন হিসেবে প্রতীয়মান হয়েছে। এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ নির্বাচন কমিশনে পাঠানো হবে না এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো গুরুত্বসহকারে যাচাই-বাচাই করা হচ্ছে।