ফটিকছড়িতে বিশেষ অভিযানে গ্রেফতার ৭, বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার
প্রতিকি ছবি
চট্টগ্রামের ফটিকছড়িতে থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সদস্যসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাতে ফটিকছড়ি, নাজিরহাট ও হাটহাজারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাফতনগর ইউনিয়নের মো. রফিক (৬৪), ধর্মপুর ইউনিয়নের মো. নিজাম উদ্দিন (৩৪), হাটহাজারী পৌরসভার মো. আরাকাত (২১), ভূজপুর ইউনিয়নের মো. মুরাদ (২৪), নাজিরহাট পৌরসভার হোসাইন (২০), হাটহাজারীর মো. মানিক (২৬) এবং ফরহাদাবাদ এলাকার মো. আমান উল্লাহ (২৫)–কে গ্রেফতার করা হয়।
অভিযানকালে পুলিশ একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, আটটি ধারালো অস্ত্র ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গ্রেফতার সাতজনের মধ্যে একজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ফটিকছড়ির লেলাং ইউনিয়নে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনার পর অভিযান আরও জোরদার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার রাত ৮টার দিকে লেলাং ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জামায়াত নেতা মুহাম্মদ জামাল ঘটনাস্থলেই নিহত হন। ১১ জানুয়ারি রাতে নিহত জামালের স্ত্রী কাজল রেখা বাদী হয়ে ফটিকছড়ি থানায় সুনির্দিষ্ট ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের স্বার্থে মামলার বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে।