খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার আপসহীন দৃঢ় অবস্থান তাকে জাতীয় এবং বিশ্বরাজনীতিতে গভীর শ্রদ্ধা ও উচ্চাসনে বসিয়েছে। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ। তিনি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন। দেশ ও জনগণের স্বার্থরক্ষায় তিনি ছিলেন অতন্দ্র প্রহরী ও সর্বদা আপসহীন।
ড. মোশাররফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি জনগণের সমর্থন নিয়ে তাঁর স্বপ্ন 'নতুন প্ল্যানে' আগামী দিনে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন।
মঙ্গলবার বিকেলে দাউদকান্দি উপজেলার শহীদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলপূর্বক আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম. এ লতিফ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা একেএম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, সাইফুল আলম ভুইয়া, পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক জসিমউদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার, দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, সদস্য সচিব কাউসার আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি শাহাবুদ্দিন ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার প্রমুখ।