আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থীকে শোকজ

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থীকে শোকজ

ফাইল ছবি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ইলেক্টোরাল অ্যানকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটি। বুধবার সকালে এ শোকজ দেন চট্টগ্রাম-১৫ আসনে দায়িত্বপ্রাপ্ত কমিটির চেয়ারম্যান রুপন কুমার দাশ।

জানা যায়, গত ২ জানুয়ারি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি প্রীতিভোজে অংশ নিয়ে দাঁড়িপাল্লায় ভোট চান ওই ইউনিয়নের জামায়াতের আমির মো. জসিম উদ্দিন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিচারিক কমিটিতে অভিযোগ দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী। পরে এ ঘটনায় শাহজাহান চৌধুরী ও জসিম উদ্দিনকে শোকজ করা হয়। নোটিশে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীকে আগামী সোমবার বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১২ জানুয়ারি সোমবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে কারণ দর্শানোর নোটিশ দেয় ইলেক্টোরাল অ্যানকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটি।