ব্যালটের মাধ্যমে দেশকে ফ্যাসিস্টমুক্ত করার আহ্বান দিপু ভূইয়ার

ব্যালটের মাধ্যমে দেশকে ফ্যাসিস্টমুক্ত করার আহ্বান দিপু ভূইয়ার

সংগৃহীত ছবি

বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতবস্ত্র বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল মতিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। আলোচনা সভায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কারও সঙ্গে আপোষ করেননি। তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি; বরং এ দেশের মাটি ও মানুষকে ভালোবেসেছেন। যার কারণে আজ তার জানাজায় কোটির বেশি মানুষ অংশ নিয়েছে।

রূপগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, বর্তমানে যে গ্যাসলাইন দেওয়া হচ্ছে তা অবৈধ। বিএনপি ক্ষমতায় এলে এসব অবৈধ গ্যাসলাইন বৈধ করা হবে। দেশকে ফ্যাসিস্টমুক্ত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে। দেশকে কলঙ্কমুক্ত করতে হবে। আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সঙ্গে নিয়ে রূপগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এখন যেমন আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও তেমনি থাকব। আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ও অস্ত্রমুক্ত অপরাধমুক্ত রূপগঞ্জ গড়ব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আমিরুল ইসলাম ইমন, মাহবুবুর রহমান, গুলজার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।