বগুড়ায় ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়ায় ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংগৃহীত

বগুড়ায় টিএমটি গ্রুপ অব কোম্পানী, সিঙ্গাপুরের উদ্যোগে বার্ষিক ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার গোকুলের বাঘোপাড়ায় টিএমটি মাল্টি স্কিল টেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে শনিবার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

টিএমটি মাল্টি স্কিল টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আহসান হাবীবের সভাপতিত্বে ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ এ প্রধান অতিথি ছিলেন, টিএমটি গ্রুপ অব কোম্পানীর (বিডি ও এসজি) ব্যবস্থাপনা পরিচালক মো. আবু তালেব। 

ইমদাদুল হক রতন ও নাজমুল আলম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, রামশহরের পীর মো. আবু বক্কর সিদ্দিক, টিএমটি গ্রুপ বিডির কো-চেয়ারম্যান আবুল কাশেম নান্নু, ফাইন্যান্স এক্সিকিউটিভ আইনুল হক মালেক ও বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন বেলু। 

বিশেষ অতিথি ছিলেন, শওকত হোসেন সবুজ, সাইফুল ইসলাম টুটুল, খতিব মহিববুল্লাহ রাশেদী, শফিকুল ইসলাম, মোফাজ্জল হোসেন যাদু, নূর আলম মিলন, নজমল হোসেন, হাফিজুর রহমান ও জাহেদুর রহমান।

প্রধান অতিথি টিএমটি গ্রুপ অব কোম্পানীর (বিডি ও এসজি) ব্যবস্থাপনা পরিচালক মো. আবু তালেব বলেন, সুন্দর ও সঠিকভাবে পবিত্র কুরআন তেলাওয়াতে উদ্বুদ্ধ করতে তারা প্রতি বছর ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। এ বছর এটি তাদের ৫ম অধিবেশন। শনিবার সকাল ৯টায় প্রতিষ্ঠান চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন হয়; চলে রাত ১০টা পর্যন্ত। ক্বিরাত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ১২৯ জন অংশগ্রহণ করেন। এদের মধ্য হতে সেরা ২০ জনকে বেছে নেওয়া হয়। 

প্রথম পুরস্কার ছিল, ওমরা হজ প্যাকেজ, দ্বিতীয় পুরস্কার একটি ল্যাপটপ ও তৃতীয় পুরস্কার একটি স্মার্ট মোবাইল ফোন। এছাড়া ৪র্থ থেকে ১০ম বিজয়ীরা পাবেন ক্রেস্ট ও জায়নামাজ। অবশিষ্ট প্রতিযোগিরা একটি করে জায়নামাজ উপহার পান। প্রধান অতিথি আরো বলেন, গত চারটি অধিবেশনে অংশগ্রহণ করে বিজয়ীদের সঠিকভাবে পুরস্কৃত করা হয়েছে। ভবিষ্যতে এ প্রতিযোগিতার পরিধি আরো বাড়বে বলে তিনি আশা করেন।