চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সংগ্রহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জ শহরে পেছন থেকে ভটভটির ধাক্কায় আব্দুস সাত্তার সোহেল (৪০) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দারিয়াপুর গোরস্তান মোড় এলাকায় রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।
আব্দুস সাত্তার সোহেল শহরের রাজারামপুর ভাটোপাড়া মহল্লার তরিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দারিয়াপুর গোরস্তান মোড় এলাকায় রাজশাহী মহাসড়কে পাশের সড়ক থেকে উঠে আসা বাঁশবাহী একটি রিকশাভ্যান থেকে সিগন্যাল পেয়ে স্থান দিতে গিয়ে মোটরসাইকেলের গতি কমিয়ে দেন চালক।
এসময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ভটভটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে গুরুতর আহত হন আরোহী সোহেল। স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ ভটভটি আটক করলেও এর চালক পালিয়ে যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় কার্যক্রমের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।