অবশেষে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী তাপস বিএনপি থেকে বহিষ্কার

অবশেষে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী তাপস বিএনপি থেকে বহিষ্কার

সংগ্রহীত ছবি

বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রত্যাহার না করে ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের ‘স্বতন্ত্র’ প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থ সম্পাদক ছিলেন।

বুধবার (২১ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপি’র ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অর্থ সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে কাজী নাজমুল হোসেন তাপসের সঙ্গে রাতে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।

বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি মনোনয়ন প্রত্যাহার না করায় যেকোনো সময় তিনি বহিষ্কার হতে পারেন বলে এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছিল।

তবে মঙ্গলবার কালের কণ্ঠে প্রকাশিত একটি প্রতিবেদনে কাজী তাপসকে যখন প্রশ্ন করা হয়েছিল মনোনয়নপত্র প্রত্যাহার না করায় আপনাকে যেকোনো সময় বিএনপি থেকে বহিষ্কার করা হতে পারে। 

এমন প্রশ্নের জবাবে জেলা বিএনপির এই তরুণ নেতা কাজী নাজমুল হোসেন তাপস তখন বলেছিলেন, ‘আপাতত ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া অন্য কিছুই আর আমি মাথায় নিচ্ছি না।

কারণ, সুষ্ঠু নির্বাচন হলে আমার বাবা এ আসনের চারবারের এমপি মরহুম কাজী আনোযার হোসেনের দোয়া ও তার রেখে যাওয়া অগণিত নেতাকর্মী-সমর্থকদের ভালোবাসায় আমার বিজয় এবার শতভাগ সুনিশ্চিত ইনশাল্লাহ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার কালের কণ্ঠের অনলাইনে ‘মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী নাজমুল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।