বিশ্বকাপ বয়কট করলেও পিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানাবে বাবর-আফ্রিদিরা
ফাইল ছবি
সরকারি সিদ্ধান্ত এলে ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে পারে পাকিস্তান। এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নীতিগত অবস্থানের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন জাতীয় দলের শীর্ষ ক্রিকেটাররা। পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কটও করে, তবুও পিসিবির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও সালমান আলী আঘার মতো তারকারা।
আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত নিলাম-সংক্রান্ত এক কর্মশালায় এসব আলোচনা হয়। সেখানে বাবর আজম, সালমান আলী আঘা, ফখর জামানসহ জাতীয় দলের একাধিক ক্রিকেটারের সঙ্গে উপস্থিত ছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। পিএসএলের নিলামের প্রস্তুতির পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি।
নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছে পিসিবি। তবে ভারতের সফরে যেতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে তাদের স্থানে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।
আইসিসির এই সিদ্ধান্তকে দ্বিচারিতা হিসেবে আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেন মহসিন নাকভি। তিনি বলেন, বাংলাদেশের প্রতি অন্যায় করা হয়েছে এবং তাদের বিশ্বকাপে খেলা উচিত ছিল। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, সরকার চাইলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে।
এ প্রসঙ্গে ২৪ জানুয়ারি নাকভি বলেন,'বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে আমাদের অবস্থান নির্ভর করবে পাকিস্তান সরকারের নির্দেশনার ওপর। এটি সরকারের সিদ্ধান্ত, আইসিসির নয়। প্রধানমন্ত্রী দেশে ফেরার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।'
তিনি আরও বলেন,'আইসিসির দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য নয়। একটি দেশের জন্য এক নিয়ম, অন্যদের জন্য আরেক নিয়ম হতে পারে না। বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের বিশ্বকাপে খেলার অধিকার ছিল।'
সূত্র: জিও নিউজ