আদর্শ মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে বর্ণাঢ্য পিঠা উৎসব
সংগৃহীত ছবি
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে বাঙালির চিরচেনা ঐতিহ্যের প্রতীক ‘পিঠা উৎসব–২০২৬’ উদযাপিত হয়েছে।
রবিবার কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়, যা শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। স্টলগুলোতে শোভা পায় ভাপা, নুনিয়া, পুলি, চিতই, বিভিন্ন ধরনের কেক, পাটিসাপটা ও নকশাসহ গ্রামবাংলার হারিয়ে যাওয়া নানা ধরনের পিঠা। শিক্ষার্থীরা স্টল ঘুরে দেখার পাশাপাশি বন্ধুদের সঙ্গে পিঠার স্বাদ আস্বাদনে মেতে ওঠে। দিনব্যাপী এ আয়োজন ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
মহাবিদ্যালয়ের প্রভাষক ড. জুলাইখা গুলসান আরার আহ্বায়কত্বে মোট ১৬টি স্টল প্রদর্শিত হয়। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার বিভিন্ন বিভাগ—পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, রসায়ন, প্রাণিবিদ্যা, ব্যবস্থাপনা, মার্কেটিং, হিসাববিজ্ঞান, বাংলা, দর্শন, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং বিএম শাখার উচ্চমাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এসব স্টল সাজায়।
আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আখতার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) মো. রফিকুল আলম। অন্যান্য অতিথি ছিলেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী এবং কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আবুল আলা মো. মাহবুবুর রহমান ভুট্টো।
পিঠা উৎসব–২০২৬-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মো. মেহরাব আলী, রুপা রানী দাস, মো. আনোয়ারুল ইসলাম, আশরাফ আলী, হানিফুর রহমান, রিজওয়ানা নাহার, আরজিনা খাতুন, আহসান হাবিব, কামরুন নাহার হানিফ, সাজ্জাদুল ইসলাম, জুয়েল রহমান ও মহাদেব শর্মা প্রমুখ।
অপরদিকে প্রভাষক সুলতানা রাজিয়া পলি ও হারুনুর রশিদ হারুনের উপস্থাপনায় বিকেলে পিঠা উৎসবের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।