শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা
ফাইল ছবি
শীতের আমেজ বজায় থাকলেও দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিনে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আগামী বুধবার (২৮ জানুয়ারি) রংপুর বিভাগের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া আগামী পাঁচ দিন সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রা প্রসঙ্গে জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার ও বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময়ের মধ্যে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
বর্তমান আবহাওয়া পরিস্থিতি ব্যাখ্যা করে সংস্থাটি জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।