চীনের সবুজ সংকেত: দেশটিতে ঢুকছে এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ

চীনের সবুজ সংকেত: দেশটিতে ঢুকছে এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রফতানি নিষেধাজ্ঞা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বড় এক পরিবর্তনের আভাস দিল চীন। এনভিডিয়ার তৈরি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ ‘এইচ২০০’ (H200)-এর প্রথম ব্যাচ আমদানির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে দেশটি। এর ফলে আলিবাবা, টেনসেন্ট এবং বাইটড্যান্সের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এআই পরিকাঠামো উন্নয়নের পথ প্রশস্ত হলো।

২৮ জানুয়ারি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়, চীনের এই সিদ্ধান্ত দেশীয় প্রযুক্তি উন্নয়ন এবং এআই হার্ডওয়্যারের জরুরি চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষার এক কৌশলগত পদক্ষেপ। এই সপ্তাহেই এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং-এর চীন সফরের সময় এই গুরুত্বপূর্ণ অনুমোদন দেওয়া হলো।

সুবিধা পাবে আলিবাবা-বাইটড্যান্স

বাজার বিশ্লেষণ অনুযায়ী, এই অনুমোদনের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে আলিবাবা, টেনসেন্ট এবং টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। এই প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে তাদের এআই অবকাঠামোতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। 

জানা গেছে, আলিবাবা একাই প্রায় ২ লাখ পিস ‘এইচ২০০’ চিপ কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তবে শর্ত থাকতে পারে যে, এসব চিপ ব্যবহারের পাশাপাশি কোম্পানিগুলোকে হুয়াওয়ে বা বাইদুর মতো দেশীয় প্রতিষ্ঠানের তৈরি চিপও সমানতালে ব্যবহার করতে হবে।

রাজস্ব ও শেয়ার বাজারের চিত্র

মার্কিন নিষেধাজ্ঞার আগে এনভিডিয়ার মোট আয়ের প্রায় ২০ থেকে ৩০ শতাংশ আসত চীন থেকে। তবে রফতানি নিয়ন্ত্রণ কড়াকড়ি হওয়ায় সেই আয়ের অংক উল্লেখযোগ্যভাবে কমে যায়। যদিও এনভিডিয়ার (NVDA) শেয়ার বর্তমানে ১৮০ ডলারের আশেপাশে ওঠানামা করছে, তবে বিশ্লেষকরা দীর্ঘমেয়াদে এর উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন। আর্থিক বিশ্লেষক প্রতিষ্ঠান বারচার্টের মতে, আগামীতে এই স্টকের লক্ষ্যমাত্রা ২৫৪ ডলার ছাড়িয়ে যেতে পারে।

এআই লড়াইয়ে নতুন মাত্রা

চীনের অভ্যন্তরীণ এআই সক্ষমতা বাড়াতে এই উচ্চক্ষমতাসম্পন্ন চিপের প্রবেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। যদিও হুয়াওয়ে বা আলিবাবার নিজস্ব চিপ রয়েছে, তবুও বিশ্বমানের এআই মডেল প্রশিক্ষণের জন্য এনভিডিয়ার হার্ডওয়্যারের বিকল্প এখনও তৈরি হয়নি। এই অনুমোদনের মাধ্যমে চীন কার্যত তাদের এআই লড়াইকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।