ভোট নিয়ে কারসাজির চক্রান্ত দেশবাসী প্রতিরোধ করবে : রুহিন হোসেন প্রিন্স
সংগৃহীত ছবি
খুলনা-১ আসনে কাস্তে প্রতীকীর প্রার্থী কিশোর রায়ের সমর্থনে পথসভা ও গণসংযোগ করেছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স।
রবিবার বিকেলে নির্বাচনী এলাকার বটিয়াঘাটার জলমাসহ বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন তিনি।
এ সময় রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের দক্ষিণ অঞ্চল অবহেলিত। সংখ্যালঘুরা স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করতে পারছেন না। এক অজানা ভয় তাড়িয়ে বেড়াচ্ছে। এ অবস্থার অবসান ঘটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দক্ষিণাঞ্চলসহ সারা দেশের উন্নয়ন ও সম্পদের সুসম বণ্টন নিশ্চিত করতে হবে। সব মানুষের মর্যাদা নিশ্চিত করতে হবে।
কিশোর রায়কে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কিশোর রায় নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের স্বার্থে জাতীয় সংসদে ভূমিকা পালন করবে। তিনি জনস্বার্থে ইতিমধ্যে নিজেকে উজাড় করে দিয়েছেন। ভবিষ্যতের জীবনেও তিনি জনস্বার্থেই কাজ করে যাবেন।
রুহিন হোসেন প্রিন্স নির্বাচন কমিশন ও সরকারে উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘এখন পর্যন্ত ভোট নিয়ে মানুষের কাছে কেন সংশয়ের কথা শুনি’? এই অবস্থার অবসান নির্বাচন কমিশন ও সরকারকেই করতে হবে। এর কোনো অন্যথা হলে জনগণের কাঠগড়ায় তাদেরই দাঁড়াতে হবে।
তিনি বলেন, নিজের ভোটাধিকার প্রয়োগে সবাইকে সোচ্চার হয়ে ভোটকেন্দ্রে যেতে হবে। ভোট নিয়ে কারসাজির যেকোনো চক্রান্ত দেশবাসী প্রতিরোধ করবে।
পথসভা ও গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলার সভাপতি কমরেড এস এ রশীদ, শেখ আব্দুল হান্নান, এইচ এম শাহাদাৎ, হূমায়ুন কবির, অশোক সরকার, মিজানুর রহমান বাবু, নিত্যানন্দ ঢালী, পূনেদু বিশ্বাস, এস এম চন্দন, মোস্তাফিজুর রহমান রাসেল, কমরেড তোফাজ্জেল হোসেন, যুবনেতা সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, ছাত্রনেতা সুদিপ্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।