৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ
সংগৃহীত ছবি
বরগুনার বেতাগীতে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বেতাগী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনের এক পর্যায়ে কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ ডা. সুলতান আহমদ।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বেতাগী উপজেলা শাখার সমন্বয়ক আব্দুস সোবাহানের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের মুখ্য সমন্বয়ক খলিলুর রহমান, সদস্য মো. ইলিয়াছ, মো. নওশের আলীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা।
একই দাবিতে বরগুনা সদর, আমতলী, তালতলী, বামনা ও পাথরঘাটা উপজেলাতেও মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।