সারা দেশে মহিলাদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় মহিলা জামায়াতের বিক্ষোভ
সারা দেশে মহিলাদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় মহিলা জামায়াতের বিক্ষোভ।। ছবিঃ সংগৃহীত
সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের ওপর হামলা ও কটূক্তির প্রতিবাদে বগুড়া শহর মহিলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বগুড়া শহরের মাটিডালী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে দত্তবাড়ি, নামাজগড় ও হাকির মোড় প্রদক্ষিণ করে উপশহর মাঠে এসে শেষ হয়। মিছিলে বিপুলসংখ্যক মহিলা কর্মী অংশগ্রহণ করেন। এসময় তারা হামলা ও নিপীড়নের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
মিছিল শেষে উপশহর মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর–৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
বক্তব্যে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের টার্গেট করে হামলা, হয়রানি ও কটূক্তি করা হচ্ছে, যা নারীর সম্মান ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি আরও বলেন, নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না করলে দেশের গণতান্ত্রিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ ধরনের দমন-পীড়নের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সমাবেশে মহিলা জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।