কাবা শরিফের ইমাম শায়খ বান্দার বালিলাহ মক্কার মুফতি নিযুক্ত
শায়খ বান্দার বালিলাহ
মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ বান্দার বালিলাহকে মক্কা অঞ্চলের সরকারি মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সৌদি আরবে নির্ভরযোগ্য ও প্রাতিষ্ঠানিক উৎস থেকে ফতোয়া প্রদানের লক্ষ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে আটজন জ্যেষ্ঠ আলেমকে দায়িত্ব দেওয়ার অংশ হিসেবেই এই নিয়োগ কার্যকর হয়েছে।
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ ড. সালেহ আল-ফাওজানের অনুমোদনে শায়খ বান্দার বালিলাহকে জেনারেল প্রেসিডেন্সি ফর সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইফতা-এর মক্কা শাখায় দায়িত্ব প্রদান করা হয়। নতুন দায়িত্বে তিনি মক্কা অঞ্চলে ধর্মীয় বিষয়ে আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক ফতোয়া প্রদান করবেন।
এক বিবৃতিতে গ্র্যান্ড মুফতি শায়খ বান্দার বালিলাহকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর জ্ঞান ও দীর্ঘ অভিজ্ঞতা ধর্মীয় গবেষণাকে সমৃদ্ধ করবে। পাশাপাশি দুই পবিত্র মসজিদে আগত মুসল্লি এবং হজ ও ওমরাহ পালনকারীদের জন্য তা বিশেষভাবে উপকারী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজকীয় নির্দেশনার আওতায় ঘোষিত এই নিয়োগগুলোর মূল লক্ষ্য হলো—দেশজুড়ে মধ্যপন্থী, যাচাই করা ও নির্ভরযোগ্য ইসলামী মূলনীতির আলোকে ধর্মীয় দিকনির্দেশনা নিশ্চিত করা এবং তা সাধারণ মানুষের জন্য সহজলভ্য করা।
অন্যান্য নিযুক্ত আলেমরা
এই তালিকায় আরও যাঁরা দায়িত্ব পেয়েছেন, তাঁরা হলেন—
শায়খ ড. ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ : আল-জাওফ ও নর্দার্ন বর্ডারস
শায়খ ড. মোহাম্মদ বিন মোহাম্মদ আল-মুখতার : মদিনা
শায়খ ড. জিবরিল বিন মোহাম্মদ আল-বুসাইয়লি : আসির ও জিজান
শায়খ ড. গালিব বিন মোহাম্মদ হামজি : আল-বাহা ও নাজরান
শায়খ ড. সামি বিন মোহাম্মদ আল-সুঘাইর : কাসিম ও হাইল
শায়খ ড. আবদুলিলাহ বিন মোহাম্মদ আল-মুল্লা : ইস্টার্ন প্রভিন্স ও নর্দার্ন বর্ডারস
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আঞ্চলিক ভিত্তিতে দায়িত্ব বণ্টনের ফলে সৌদি নাগরিক ও প্রবাসীরা নিজ নিজ এলাকায় দ্রুত ও নির্ভরযোগ্য ধর্মীয় দিকনির্দেশনা পাবেন। একই সঙ্গে অপ্রাতিষ্ঠানিক ও বিভ্রান্তিকর ফতোয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।