শীতের ক্লান্তিতে সুপারফুড কোয়েলের ডিম

শীতের ক্লান্তিতে সুপারফুড কোয়েলের ডিম

ফাইল ছবি

শীত এলেই অনেকের শরীরে ভর করে একধরনের অবসাদ। ঠাণ্ডা আবহাওয়া, ঘুমের অনিয়ম আর শক্তির ঘাটতি মিলিয়ে শরীর যেন দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। ঠিক এই সময় খাদ্যতালিকায় ছোট একটি পরিবর্তনই এনে দিতে পারে বড় স্বস্তি। আকারে ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর কোয়েল পাখির ডিম হতে পারে শীতের ক্লান্তি দূর করার কার্যকর সুপারফুড।

প্রতিদিন একটি করে কোয়েল ডিম খেলে শরীর পায় ভেতর থেকে উজ্জীবন। এতে শক্তি বাড়ে, হাড় ও জয়েন্ট মজবুত থাকে এবং শীতকালীন দুর্বলতা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়।

কোয়েলের ডিমে রয়েছে উচ্চমাত্রার প্রোটিনের পাশাপাশি প্রয়োজনীয় ভিটামিন ও নানা গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। নিয়মিত ও পরিমিত পরিমাণে এই ডিম গ্রহণ করলে শরীরের শক্তির ঘাটতি পূরণ হয় এবং ঠাণ্ডাজনিত দুর্বলতা কমে আসে। বিশেষ করে যারা শীতে বারবার সর্দি-কাশি কিংবা শরীর ব্যথায় ভোগেন, তাদের জন্য কোয়েলের ডিম হতে পারে উপকারী একটি খাদ্য উপাদান।

হাড় ও জয়েন্টের যত্নে

পুষ্টিবিদদের মতে, শীতকালে হাড় ও জয়েন্টের ব্যথা বেড়ে যাওয়ার অন্যতম কারণ পুষ্টির অভাব। কোয়েলের ডিমে থাকা গুরুত্বপূর্ণ খনিজ উপাদান হাড়কে শক্তিশালী করতে সহায়তা করে এবং হাড় ক্ষয়ের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিংবা নারীদের ক্ষেত্রে হাড় দুর্বল হওয়ার প্রবণতা দেখা দিলে খাদ্যতালিকায় কোয়েলের ডিম যুক্ত করা বিশেষভাবে উপকারী হতে পারে।

মস্তিষ্ক ও মনোযোগে ইতিবাচক প্রভাব

শুধু শারীরিক শক্তি নয়, মানসিক সক্ষমতা বাড়াতেও কোয়েলের ডিমের ভূমিকা উল্লেখযোগ্য। এতে থাকা প্রোটিন ও পুষ্টিকর উপাদান মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলে শিক্ষার্থী, লেখালেখি কিংবা চিন্তাশীল কাজে যুক্ত ব্যক্তিদের মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত হতে পারে।

যকৃত ও চোখের সুরক্ষায়

যকৃতের সুস্থতা বজায় রাখতেও কোয়েলের ডিম সহায়ক। এতে থাকা পটাশিয়াম ও ভিটামিন লিভারের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে এবং শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে দিতে ভূমিকা রাখে। পাশাপাশি যারা দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে কাজ করেন, তাদের চোখের জন্যও এই ডিম উপকারী। এতে থাকা ম্যাগনেসিয়াম ও প্রয়োজনীয় ভিটামিন চোখের চাপ কমাতে এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে।

পরিমিতি ও সতর্কতা জরুরি

তবে উপকারের কথা মাথায় রেখে অতিরিক্ত কোয়েলের ডিম খাওয়ার প্রবণতা ভালো নয়। এতে প্রোটিনের পরিমাণ বেশি হওয়ায় প্রতিদিন একটি ডিমই যথেষ্ট। এর বেশি খেলে শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে।

এ ছাড়া যাদের ডিমে অ্যালার্জি রয়েছে কিংবা যারা পেটের গুরুতর সমস্যা বা সংক্রমণে ভুগছেন, তাদের ক্ষেত্রে কোয়েলের ডিম এড়িয়ে চলাই নিরাপদ। দীর্ঘমেয়াদি কোনো রোগ থাকলে বা নিয়মিত ওষুধ সেবন করলে খাদ্যতালিকায় নতুন কিছু যুক্ত করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

তথ্যসূত্র: ওয়েবএমডি, হেলথ লাইন