হিলি স্থলবন্দর দিয়ে ভুট্টা আমদানি বেড়েছে
সংগৃহীত
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ভুট্টা আমদানি আগের তুলনায় অনেক বেড়েছে। আগে যেখানে প্রতিদিন ১০ থেকে ১২টি ট্রাকে ভুট্টা আসত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫০ থেকে ৬০ ট্রাকে।
আমদানি করা এসব ভুট্টা আসছে ভারতের বিহার, ডালখোলা, গোলাপবাগ, কিশানগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে। ভুট্টা আমদানিকারক মনির হাছান বলেন, পশুখাদ্য তৈরির জন্য ফিড মিলগুলোতে ভুট্টার চাহিদা বেড়েছে। কিন্তু দেশে উৎপাদিত ভুট্টা দিয়ে সেই চাহিদা পূরণ সম্ভব না হওয়ায় আমদানির প্রয়োজন পড়ছে।
আরেক আমদানিকারক জানান, দেশে উৎপাদিত ভুট্টার দাম বেশি, অন্যদিকে আমদানি করা ভুট্টার মান ভালো এবং দাম তুলনামূলক কম। বর্তমানে বন্দর থেকে প্রতি কেজি ভুট্টা ৩০ টাকা ৫০ পয়সা থেকে ৩১ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব ভুট্টা ঢাকা, সিলেট, বগুড়াসহ দেশের বিভিন্ন ফিড মিলে সরবরাহ করা হচ্ছে।
হিলি বন্দরের ভুট্টা পাইকার আনিস বলেন, আগে এক-দুই ট্রাক ভুট্টা বিভিন্ন জায়গায় পাঠাতাম। এখন চাহিদা অনেক বেড়ে যাওয়ায় প্রতিদিন ১০ থেকে ১৫ ট্রাক ভুট্টা সরবরাহ করছি। প্রতিদিনই চাহিদা বাড়ছে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হচ্ছে, তার বেশিরভাগই ভুট্টা। এবং ভুট্টা আমদানি ধারাবাহিকভাবে বাড়ছে।
হিলি কাস্টমস ও বন্দরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাসে ভারত থেকে ৮৫৬ ট্রাকে ৩৫ হাজার ১৫৬ মেট্রিক টন ভুট্টা আমদানি হয়েছে। এর আগের মাস ডিসেম্বরেও ২৬৮ ট্রাকে ১১ হাজার ৪৮ মেট্রিক টন ভুট্টা এসেছে।