ভোট উপলক্ষে ফেনীতে বিজিবি মহাপরিচালকের মতবিনিময়

ভোট উপলক্ষে ফেনীতে বিজিবি মহাপরিচালকের মতবিনিময়

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মুল্যায়ন ও মোতায়েনরত সামরিক সদস্য ও অসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা মতবিনিময়ে অংশ নেন।
বিজিবি মহাপরিচালক ও জেনারেল অফিসার কমান্ডিং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে মোতায়েনরত বিভিন্ন বাহিনীর কমান্ডার এবং অসামরিক প্রশাসনের সাথে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি ও দায়িত্ব পালনের বিষয়সমূহ নিয়ে মতবিনিময় করেন।


সভায় ফেনী জেলায় দায়িত্বরত সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তাসহ ফেনী জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার নাজিম উদ্দিন, র‍্যাব কর্মকর্তা, সকল উপজেলার ইউএনও, জয়েন্ট ডিরেক্টর এনএসআই, ডিজিএফআইসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় কর্মকর্তারা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অধিকতর উন্নতি, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আন্তঃবাহিনী ও অসামরিক প্রশাসনের সব স্তরে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। 

নির্বাচনের কাঙ্ক্ষিত পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে তিনি অসামরিক প্রশাসনকে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দেশ ও জাতির প্রয়োজনের দীর্ঘ দেড় বছর এর অধিক সময় ধরে নিঃস্বার্থ ও নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য তিনি ফেনীতে মোতায়েনরত সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধারা অব্যাহত রাখার জন্য নির্দেশনা দেন।

সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা মহিপাল আর্মি ক্যাম্পে ফেনী জেলায় মোতায়েনরত সকল সেনাসদস্যদের একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে তার দিকনির্দেশনা দেন। পরে তারা ফেনী জেলা সরেজমিনে পরিদর্শন করেন।