কারিগরি শিক্ষার্থীদের অবরোধের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
সংগৃহীত
কারিগরি শিক্ষার্থীদের দেশব্যাপী অবরোধ কর্মসূচির প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ‘প্রকৌশলী অধিকার আন্দোলন, চুয়েট’-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাউজানের পাহাড়তলী বাজার এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রকৌশলী অধিকার আন্দোলন চুয়েটের যুগ্ম আহ্বায়ক ও ২০২০-২১ শিক্ষাবর্ষের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, ‘আমরা ন্যায়সংগত দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছি। দ্রুত আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।’
আন্দোলনের আহ্বায়ক ও পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ বলেন, ‘আমরা শুরু থেকেই আইনের আওতায় থেকে পেশাগত মর্যাদা রক্ষা ও বৈষম্য দূর করার আন্দোলন করছি। জাতীয় কমিটির চূড়ান্ত সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা হবে।’
জানা যায়, গত প্রায় এক বছর ধরেই চাকরিক্ষেত্রে বিএসসি প্রকৌশলীদের বৈষম্যের প্রতিবাদে ৩ দফা দাবিতে আন্দোলন করে আসছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ক্ষেত্রের শিক্ষার্থীরা। এ আন্দোলনকে কেন্দ্র করে ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থী এবং প্রকৌশলীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের দাবি পর্যালোচনায় গত বছর ২৭ আগস্ট ১৪ সদস্যের ওয়ার্কিং কমিটি গঠন করা হয়।
গত ২৮ জানুয়ারি (বুধবার) ওয়ার্কিং কমিটি তাদের প্রতিবেদনে বিএসসি প্রকৌশলীদের উপসহকারী প্রকৌশলী পদে আংশিক সুযোগের সুপারিশ করেছে। ওয়ার্কিং কমিটির এই সুপারিশকে অন্যায্য দাবি করে ডিপ্লোমা ডিগ্রিধারী শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দেয়। আজ দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করছে তারা। এর প্রতিবাদে চুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাল্টা কর্মসূচি হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন।