স্টার্টআপ তহবিলে ৭ কোটি টাকা দিল এনআরবিসি ব্যাংক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গঠিত ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’-এর তহবিলে ৭ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৪২০ টাকা বিনিয়োগ করেছে এনআরবিসি ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে বিনিয়োগের টাকার চেক হস্তান্তর করে ব্যাংকটি। বুধবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এনআরবিসি ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মুস্তাফার কাছে চেকটি হস্তান্তর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান।
চেকটি হস্তান্তরকালে এনআরবিসি ব্যাংকের ক্রেডিট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান তনুশ্রী মিত্র এবং এসএমই ফাইন্যান্সিং ডিভিশনের প্রতিনিধি শেখ আহসানুল হক উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের প্রতি এনআরবিসি ব্যাংক তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
দেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যে ব্যাংকটি ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখবে বলেও ব্যাংকটি জানিয়েছে।