আজ শুরু ‘অদম্য বাংলাদেশ’ টি-টোয়েন্টি কাপ

আজ শুরু ‘অদম্য বাংলাদেশ’ টি-টোয়েন্টি কাপ

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ব্যস্ত সূচি থাকছে দেশের ক্রিকেটাঙ্গনে। ‘অদম্য বাংলাদেশ’ টি-টোয়েন্টি কাপ দিয়ে আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ঘরোয়া এক নতুন টুর্নামেন্টের। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লিটন দাসের ধূমকেতু একাদশ ও আকবর আলির দুরন্ত একাদশ।

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে অংশ নিচ্ছে না বাংলাদেশ। সেই শূন্যতা পূরণ এবং দেশের সেরা ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস ও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ব্যস্ত রাখতে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’-এ অংশ নিচ্ছে তিনটি দল—ধূমকেতু, দুর্বার ও দুরন্ত। ধূমকেতু একাদশের নেতৃত্বে রয়েছেন লিটন দাস, দুরন্ত একাদশের অধিনায়ক আকবর আলী এবং দুর্বার স্কোয়াডের নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের দিন বিকাল ৪টা থেকে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলায় বাড়তি রোমাঞ্চ যোগ করতে থাকছে ‘ইমপ্যাক্ট খেলোয়াড়’ নিয়ম। প্রাইজমানি ও খেলোয়াড়দের ফি মিলিয়ে এই টুর্নামেন্টের মোট বাজেট ধরা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা।

নির্বাচকরা তিন দলের জন্য মোট ৩৯ জন ক্রিকেটার বাছাই করেছেন। এই তালিকায় জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়দের পাশাপাশি জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার, ইমার্জিং দল ও যুব দলের ক্রিকেটাররাও সুযোগ পেয়েছেন।

ধূমকেতু স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম।

দুর্বার স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, কাজী নুরুল হক সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, সাইফ উদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ ও আল ফাহাদ।

দুরন্ত স্কোয়াড

আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলায়েন, এস এম মেহরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন।