ব্যবসায়ীরা চাঁদাবাজি-দখলবাজি থেকে মুক্তি চায় : হাসনাত আব্দুল্লাহ
সংগ্রহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের ব্যবসায়ীরা চাঁদাবাজি ও দখলবাজি থেকে মুক্তি চায়, সাধারণ মানুষ শান্তি চায়। এমনকি বিরোধীদলে থাকা অনেক কর্মীও ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিতে আগ্রহী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের ব্রাহ্মণপাড়ার চান্দলা হাইস্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, বর্ডার দিয়ে আওয়ামী লীগের নেতাদের যারা পার করে দিয়েছে, তারাই আজ নির্বাচনে অংশগ্রহণ করে আনন্দ-উল্লাস করছে।
এসব লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং সেই চাঁদাবাজির একটি নির্দিষ্ট অংশ নিয়মিতভাবে দলের নেতাদের কাছে পৌঁছে দিতে হয়। তাদেরকে মাসিক টার্গেট দেওয়া হয়। অনেক সময় সেই টার্গেট পূরণ করতে না পেরে তারাই এসে বলে—আর পারছে না। কিন্তু দীর্ঘদিন দল করার কারণে সেখানেই থাকতে হয় এবং অন্যদের কাছেও দাওয়াত পৌঁছে দিতে চাপ দেওয়া হয়।
তিনি বলেন, ইতোমধ্যেই নীরবে একটি বিপ্লব ঘটে গেছে। মানুষ প্রস্তুত হয়ে আছে ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিতে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন পর্যন্ত ঘরে ঘরে গিয়ে জোটের বার্তা পৌঁছে দিতে হবে। প্রতিদিন আগের দিনের চেয়ে আরো বেশি মানুষের কাছে যেতে হবে এবং বেশি সময় কাজ করতে হবে।
ঘুম আর আরাম ত্যাগ করে মাঠে থাকতে হবে বলেও আহ্বান জানান তিনি।
জনসভায় কুমিল্লা-৫ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মোবারক হোসেনসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতারা বক্তব্য দেন। বক্তারা একটি সুন্দর ও স্বপ্নের বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।