কালো টাকা ধরবেন না, কেউ দিতে আসলে পুলিশকে জানাবেন : শহীদুল ইসলাম বাবুল

কালো টাকা ধরবেন না, কেউ দিতে আসলে পুলিশকে জানাবেন : শহীদুল ইসলাম বাবুল

সংগ্রহীত ছবি

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, কালো টাকার তোয়াক্কা করবেন না, লুটের টাকা, কালোবাজারির টাকা ধরবেন না। যদি কেউ দিতে আসে, তাকে আটকে পুলিশের খবর দেবেন। এই নির্বাচন আকাশ থেকে পড়ে নাই। অনেক অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের ফসল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহিদুল ইসলাম বাবুল বলেন, বিগত সরকারের আমলে আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে ৭ বছর জেল খেটেছেন, আমার নামে ১২৮টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। সারা দেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মী জেল-জুলুমের শিকার হয়েছিলেন। তাই এই নির্বাচন আমাদের সবার কষ্টের ফসল।

এই নির্বাচনে ভোটের নামে জোচ্চুরি চলবে না।

তিনি বলেন, ইনশাআল্লাহ, ধানের শীষে সারা বাংলাদেশ জয়জয়কার। নির্বাচনের আর ৫/৭ দিন বাকি আছে। আপনারা ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা করবেন।

ধানের শীষকে বিজয়ী করবেন। 

বিএনপি মনোনীত এ প্রার্থী বলেন, ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন যখন অন্য আসনে চলে গিয়েছিল, আমিই প্রথম বলেছিলাম, আমি ইউনিয়ন দুইটি ফেরত আনব। এ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন হয়েছে, মামলা হয়েছে, একপর্যায়ে আন্দোলন থেমেও গিয়েছিল। কিন্তু আমি থামিনি। আমি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে ব্যারিস্টার পল্লবকে নিয়ে আইনি লড়াই করেছি।

একপর্যায়ে আপনাদের ইউনিয়ন দুটি ফেরত এসেছে। কিন্তু আমার নামে ষড়যন্ত্রকারীরা মিথ্যাচার করেছে‌। মা বোনদের বলবেন, সত্যকে মিথ্যা দ্বারা আড়াল করা যায় না। তাই তো আজ আমি আপনাদের সমর্থন চাই। আমি একজন সাধারণ কৃষকের সন্তান। আমি আপনাদের সেবার জন্য জীবন উৎসর্গ করতে এসেছি। এসময় তিনি সমবেত জনগণকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি বিজয়ী হলে ঘরে ঘরে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান কাওসার ভুইয়া, সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সাবেক পুলিশ কর্মকর্তা ইমারত হোসেনসহ আলগী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা।