চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী ও একজন নসিমনচালকসহ নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ও দুপুরে নয়ালাভাঙ্গা ইউনিয়নে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন একই ইউনিয়নের সাবেক লাভাঙ্গা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নসিমনচালক মোহাম্মদ আলী (২৩) এবং পার্বতীপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মোটরসাইকেল আরোহী রেজাউল করিম (৫৫)। রেজাউল করিম পেশায় দূরপাল্লার কোচ চালক ছিলেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে হরিনগর এলাকায় পাথরবোঝাই একটি ট্রাককে মোটরসাইকেল চালিয়ে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে আহত হন রেজাউল করিম। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় প্রাণে রক্ষা পান মোটরসাইকেলের অপর আরোহী ও রেজাউল করিমের ছেলে মো. রিয়াজুল (২২)।

এর আগে শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে নামোসুন্দরপুর এলাকায় সড়কে অন্য যানবাহনকে সাইড দিতে গিয়ে সড়ক পাশে নসিমন উল্টে গেলে ঘটনাস্থলে আহত হন মোহাম্মদ আলী। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে দুপুর দেড়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় প্রাণে বাঁচেন নসিমনের অপর আরোহী ও নিহতের বড়ভাই আলী হায়দার।

উভয় ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে।

এসব ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।