বিয়ের অনুষ্ঠানে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

বিয়ের অনুষ্ঠানে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

প্রতিকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় বিয়ের উৎসব মুহূর্তেই রূপ নেয় শোকের মাতমে। খেলতে খেলতেই সবার চোখের আড়ালে খোলা সেপটিক ট্যাংকে পড়ে মারা গেছে ৭ বছরের শিশু হাবিবুল মোস্তফা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার হক কনভেনশন সেন্টারের পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচতলার সেপটিক ট্যাংকে পড়ে যায় শিশুটি। সে চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিনের একমাত্র ছেলে।

 

স্বজনরা জানান, প্রতিবেশীর মেয়ের বিয়েতে পরিবারের সঙ্গে হাবিবুল অনুষ্ঠানস্থলে আসে। বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়ে একসময় সে সবার অগোচরে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর নির্মাণাধীন ভবনের পাশে খোলা সেপটিক ট্যাংকে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। উদ্ধার করে নেওয়া হলে ততক্ষণে সব শেষ।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল বলেন, খোলা সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।