নরসিংদীর রায়পুরায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সংগ্রহীত ছবি

নরসিংদীর রায়পুরায় বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম সরকার (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আমানউল্লাহ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার চরাঞ্চলের চরমধুয়া ইউনিয়নের গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম সরকার ওই এলাকার আব্দুল মঙ্গল মিয়ার ছেলে।

তিনি চরমধুয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) লাভলী বেগমের স্বামী। আহত আমানউল্লাহ একই এলাকার ফরিদ মিয়ার ছেলে। তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে স্থানীয় গাজীপুর বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম সরকার ও আমানউল্লাহ। পথে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রফিকুল ইসলাম সরকারের পিঠের বাঁ পাশে গুলি লাগে। একই ঘটনায় আমানউল্লাহও গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম সরকারকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর নিহত রফিকুল ইসলাম সরকারের অনুসারীরা উত্তেজিত হয়ে এলাকায় কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ করেন বলে জানা গেছে।

চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান শিকদার জানান, দুর্বৃত্তদের গুলিতে সংরক্ষিত নারী ইউপি সদস্যের স্বামী নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা এক যুবকও আহত হন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

তবে ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত চারদিনে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে রায়পুরা উপজেলার চরাঞ্চলে স্কুলছাত্র ও ব্যবসায়ীসহ দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় হানিফ মাস্টার ও এরশাদ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় এরশাদ গ্রুপের অনুসারীদের গুলিতে স্কুলছাত্র মুস্তাকিম নিহত হন। এর ৪ দিন পর আজ রবিবার রাতে গাজীপুর এলাকায় ব্যবসায়ী রফিকুল ইসলাম সরকার নিহত হলেন।

পরপর দুই হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।