কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের গণমিছিলে লাখো মানুষের ঢল
সংগ্রহীত ছবি
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদের নির্বাচনী গণমিছিলে মানুষের ঢল নেমেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বাস, ট্রাক ও নানা ধরনের পরিবহনে মিছিল নিয়ে আসতে থাকে।
মিছিল শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘১৬-১৭ বছর ধরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
ইনশাআল্লাহ, এবারের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন যাত্রা শুরু করবে এবং একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের জনগণের অধিকার নিশ্চিত করা হবে এবং এমন একটি বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে আর কখনো রক্ত দিতে হবে না।’
নির্বাচনী আচরণবিধির কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামীকাল রাতের মধ্যেই সব ধরনের নির্বাচনী প্রচারণা কার্যক্রম শেষ হবে। ১০ তারিখ সকাল ৮টার মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রচারণার সময়সীমা শেষ হয়ে যাবে।
’
রবিবার (৮ ফেব্রুয়ারি) নিজ উপজেলা পেকুয়ায় নির্বাচনী গণমিছিল শেষে তিনি এসব বলেন। গণমিছিলে মানুষের ঢল নামে। দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বাস, ট্রাক ও নানা ধরনের পরিবহনে মিছিল নিয়ে আসতে থাকে। কারো কাছে ছিল প্ল্যাকার্ড, কারো কাছে সালাহউদ্দিন আহমদের ছবি, আবার কারো কাছে দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি।
কেউ আবার নাচে-গানে ধানের শীষ নিয়ে ভোট চাইছেন। পেকুয়া উপজেলা বিএনপি আয়োজিত এই গণমিছিলের সম্মুখভাগে ছিলেন সালাহউদ্দিন আহমদ।
গণমিছিলে সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী ও সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাঁদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।