প্রচারণার শেষ জনসভায় স্ত্রী-সন্তান নিয়ে ভোট চাইলেন ফজলুল হক মিলন
সংগ্রহীত ছবি
মাগরিবের নামাজের আগে আপনাদের সামনে কসম করে বলছি, ধানের শীষে ভোট দিলে আমি কোনো দল দেখব না। আমার নেত্রী সবাইকে ক্ষমা করে দিয়ে গেছেন, আমিও ক্ষমা করে দিলাম। প্রচারণার শেষ জনসভায় মঞ্চে স্ত্রী-সন্তানকে পাশে নিয়ে এই অঙ্গীকার করেছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ আর আর এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ধানের শীষের পক্ষে এক নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিলন বলেন, আমি গুলিবিদ্ধ হয়েছি। ১১ বার কারাভোগ করেছি। কারাগারে থেকে মাকে হারিয়েছি। আমি নির্যাতিত।
যারা আমাকে নির্যাতন করেছেন আমি তাদের ক্ষমা করে দিলাম। কারণ আমার নেত্রী বেগম খালেদা জিয়া তাদের ক্ষমা করে দিয়ে গেছেন। আমাকে ধানের শীষে ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব। আমি বা আমার কোনো কর্মী বেইনসাফী কাজ করবে না, ওয়াদা দিলাম।
কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক হুসেন আরমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু ও কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক সাফিনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।