হংকং বিমানবন্দরে আগুন, ৩টি বোর্ডিং ব্রিজ সাময়িক বন্ধ
ছবি: সংগৃহীত
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি বোর্ডিং ব্রিজ সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের কারণে ২১২, ২১৪ এবং ২১৬ নম্বর বোর্ডিং ব্রিজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে সে সময় ওই গেটগুলোতে কোনো বিমান ছিল না।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আগুন লাগার পর প্রায় ৩০ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম সাউথ চায়না মনিং পোস্ট জানায়, খবর পেয়ে দমকল বাহিনীর দুটি দল ও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ৪টা ০১ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, হংকং আন্তর্জাতিক বিমানবন্দর (HKIA) বিশ্বের অন্যতম ব্যস্ত এবং আধুনিক বিমানবন্দর। ২০২৬ সালের 'বিশ্বের সেরা ৫০টি বিমানবন্দরের' তালিকায় এটি ৩০তম স্থান দখল করেছে। বায়োমেট্রিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অপারেশন কন্ট্রোল এবং ব্যাগেজ অটোমেশনের জন্য বিমানবন্দরটি বিশেষভাবে স্বীকৃত।