গর্ত থেকে বিকাশ এজেন্টদের ৯ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

গর্ত থেকে বিকাশ এজেন্টদের ৯ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রতিকি ছবি

চাঁদপুরে বিকাশ এজেন্টদের কাছে বিতরণের জন্য উত্তোলন করা ৯ লাখ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে অভিযুক্তের দেখানো মতে তার বাড়ির আঙিনার মাটি খুঁড়ে পুঁতে রাখা ওই টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন—চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচুলী আব্দুর রহমান গাজী বাড়ির মো. দুলাল গাজীর ছেলে বিকাশের এসআর মো. রাব্বি (২২) এবং তার সহযোগী একই এলাকার দেলোয়ার হোসেন গাজীর ছেলে ফরহাদ হোসেন (২১)।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেসার্স দিবা এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটর বিকাশ লিমিটেডের ডিএসও মো. রাব্বি গত ৫ ফেব্রুয়ারি সকালে চাঁদপুর পৌরসভার ওয়ান মিনিট সংলগ্ন ঢাকা ব্যাংক চাঁদপুর শাখা থেকে অফিসের সুপারভাইজারের মাধ্যমে ৯ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা সদর উপজেলার বিভিন্ন এলাকার বিকাশ এজেন্টদের মধ্যে বিতরণের কথা ছিল।

তবে টাকা নিয়ে বের হওয়ার পর রাব্বি হঠাৎ নিখোঁজ হন। পরে তিনি অফিসে ফোন করে অপহরণের শিকার হয়েছেন বলে জানান। বিষয়টি সন্দেহজনক হওয়ায় সেদিনই পরিবেশকের ম্যানেজার মনির হোসেন তালুকদার চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর–২৬৭) করেন।

পুলিশ তদন্তে নেমে রাব্বিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপহরণ ও হামলার ঘটনা সাজানো বলে স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তার বসতঘরের আঙিনায় মাটি খুঁড়ে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ৯ লাখ টাকা উদ্ধার করে।

ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, বিকাশ ডিস্ট্রিবিউটরের টাকার দায়িত্বে থেকে অভিযুক্তরা বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে আত্মসাতের চেষ্টা করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। উদ্ধার করা টাকা জব্দ করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন।