ভোট বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম

ভোট বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম (ঘোড়া প্রতীক) ভোট গ্রহণ নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি এ ঘোষণা দেন।

ভোটকেন্দ্রে এজেন্ট না থাকা এবং জালভোটের অভিযোগ তুলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান। একই সঙ্গে তিনি এ আসনে পুনরায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করেন।

উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বিকেলে মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সাংবাদিকদের কাছে তিনি বলেন, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি কেন্দ্রে প্রভাব বিস্তার ও জালভোট প্রয়োগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন। 

তবে প্রশাসন ও স্থানীয় ভোটারদের পক্ষ থেকে এসব অভিযোগ নাকচ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং ভোটাররা সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পেরেছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও তারা জানিয়েছেন।