মাদারীপুরের তিনটি আসনে বিজয়ী যারা
সংগ্রহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুটি আসনে বিএনপির প্রার্থী এবং একটি আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন।
মাদারীপুর-১
এই আসনে রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিস-এর প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট।
অল্প ব্যবধানে এগিয়ে থেকে সাইদ উদ্দিন আহমাদ হানজালা বেসরকারিভাবে বিজয়ী হন।
উল্লেখ্য, হাজী শরিয়তউল্লাহ (রহ.)-এর সপ্তম পুরুষ পীরজাদা হিসেবে পরিচিত হানজালা প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মুখ হলেও স্বল্প সময়ে তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
মাদারীপুর-২
এই আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬ হাজার ৪৭৬ ভোট।
মাদারীপুর-৩
এই আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার পেয়েছেন ৯৬ হাজার ১২৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ৬৪৬ ভোট।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘মাদারীপুরের তিনটি আসনেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে। শিগগিরই নির্বাচিত সংসদ সদস্যদের নামের গেজেট প্রকাশ করা হবে।’