রিয়াদ থেকে দোহা মাত্র ২ ঘণ্টায়, ৩০০ কিমি গতিতে ছুটবে বুলেট ট্রেন
ফাইল ছবি।
আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব ও কাতার।দুই দেশের মধ্যে উচ্চগতির ইলেকট্রিক বুলেট ট্রেন সংযোগ স্থাপনের একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে সৌদি মন্ত্রিসভা। এই প্রকল্পের ফলে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে কাতারের রাজধানী দোহার ভ্রমণ সময় নেমে আসবে মাত্র দুই ঘণ্টায়।
সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা গেছে, সৌদি আরবের পরিবহন মন্ত্রী সালেহ আল-জাসসার এবং কাতারের পরিবহন মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ আল থানি এই কৌশলগত চুক্তিতে সই করেন।
৭৮৫ কিলোমিটার দীর্ঘ এই রেললাইন রিয়াদ ও দোহাকে সংযুক্ত করবে। পথে এটি আল-হোফুফ ও দাম্মামের মতো গুরুত্বপূর্ণ স্টেশন স্পর্শ করবে। এছাড়া সৌদি আরবের কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দর এবং কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরকেও এই রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। ঘণ্টায় ৩০০ কিলোমিটারের বেশি গতিতে চলা এই ট্রেনের মাধ্যমে দুই দেশের যাত্রীরা দ্রুত ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।
এই প্রকল্প দুই দেশের জিডিপিতে প্রায় ১১৫ বিলিয়ন রিয়াল (সৌদি মুদ্রা) রাজস্ব যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। কাতারের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এটি জিসিসি (উপসাগরীয় সহযোগিতা পরিষদ)-ভুক্ত দেশগুলোর মধ্যে সংযোগ এবং উন্নয়নমূলক সংহতি জোরদার করবে। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে ৩০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
পুরো প্রকল্পটি সম্পন্ন করতে প্রায় ছয় বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। আধুনিক স্মার্ট ইঞ্জিনিয়ারিং এবং আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রেখে এই রেলপথ নির্মাণ করা হবে। এটি শুধু যাতায়াতই সহজ করবে না, বরং কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব এবং টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করবে।
বার্ষিক প্রায় এক কোটি যাত্রী এই উচ্চগতির রেল সেবা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে, যা দুই দেশের পর্যটন খাতেও বড় ধরনের জোয়ার আনবে।