ঢাকা-৯ আসনের জয়ী প্রার্থী হাবিবুরকে প্রতিদ্বন্দ্বীদের শুভেচ্ছা
সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রচার থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত প্রার্থীদের মধ্যে দেখা গেছে সৌহার্দ্য, বলেছেন ইতিবাচক রাজনীতির কথা। এই আসনে ভোটের মাঠে ছিল না একে অপরের বিরুদ্ধে বিষোদগার।
ভোটের পরেও সেই পরিবেশ দেখা গেছে মুগদা-মান্ডা-বাসাবো নিয়ে গঠিত এই আসনে। এখানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী ডা. তাসমিন জারা।
বিজয়ী হওয়ার খবর জানার পরপরই হাবিবুর রশিদ হাবিবকে টেলিফোনে শুভেচ্ছা জানান তানসিম জারা। জবাবে হাবিবুর রশিদও তার বাসায় চা খাওয়ার সুযোগ চেয়েছেন।
অন্যদিকে হাবিবুর রশিদ হাবিবের নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির জাবেদ মিয়া ভোটের পরদিন শুক্রবার বিজয়ী প্রার্থীর মাদারটেকের বাসায় আসেন। এসময় হাবিবুর রশিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এনসিপির প্রার্থী। পরে তাকে মিষ্টিমুখ করান হাবিবুর রশিদ।
শুভেচ্ছা জানানো শেষে ফেসবুক পোস্টে এনসিপি প্রার্থী লিখেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক অনুশীলন, ঢাকা- ৯ এ নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব ভাইকে ফুলেল শুভেচ্ছা।
হাবিবুর রশিদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমি প্রতিদ্বন্দ্বী শব্দটা বলতে চাই না। আমরা এই এলাকার জন্য, মানুষের জন্য কাজ করার আগ্রহ নিয়ে নির্বাচন করেছি। কেউ বিজয়ী হবেন, কেউ পরাজিত হবেন এটাই নিয়ম। আমি আগেও বলেছি, এখনও বলছি যারা যারা আমরা ছিলাম সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।
বিএনপি ইতিবাচক রাজনীতিকে উৎসাহিত করে এমনটা জানিয়ে হাবিব বলেন, এতগুলো মানুষের জীবনের বিনিময়ে পাওয়া ভোটকে বিফলে যেতে দেব না। ভোটের লড়াই করতে গিয়ে ওসমান হাদি শহীদ হয়েছেন। তাই তাদের প্রতি সম্মান রেখে আমরা কাজ করব।