শিক্ষার মানোন্নয়নে বানিয়াল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জ সদর উপজেলার বানিয়াল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয়টিতে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে তিনি প্রতিটি শ্রেণী থেকে দুইজন করে শিক্ষার্থীর বক্তব্য শোনেন। শিক্ষার্থীদের উপস্থাপিত নানা সমস্যার বিষয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা শিক্ষা অফিস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় বিদ্যালয়ে বাংলা ও ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি শ্রেণী শিক্ষকদের সপ্তাহে অন্তত একদিন শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে কার্যক্রম পরিচালনা এবং তাদের সমস্যাগুলো জেনে কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেন।
চরাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ হিসেবে পরিচিত এই বিদ্যালয়ে এর আগে কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এভাবে বসে সরাসরি মতবিনিময় করেছেন বলে জানা যায়নি। ফলে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ দেখা গেছে।
পরিদর্শনকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু তালেব উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো ও সামগ্রিক শিক্ষার পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রশাসন সবসময় বিদ্যালয়ের পাশে থাকবে এবং শিক্ষার্থীদের গঠনমূলক পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।