ফেনীর মন্ত্রিত্বের খরা কাটালেন আবদুল আউয়াল মিন্টু

ফেনীর মন্ত্রিত্বের খরা কাটালেন আবদুল আউয়াল মিন্টু

আবদুল আউয়াল মিন্টু

দীর্ঘদিন মন্ত্রীশূন্য থাকার পর অবশেষে ফেনীতে ফিরল মন্ত্রিত্বের গৌরব। বিএনপি সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য আব্দুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।

প্রায় দুই দশক পর ফেনী জেলা থেকে কেউ মন্ত্রিসভায় স্থান পেলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, মিন্টুর মন্ত্রিত্বে জেলায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসতে পারে।

এর আগে ফেনী-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া। তার সময়েই ফেনী জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান পায়। এছাড়া একই আসন থেকে নির্বাচিত হয়ে ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা জাফর ইমাম (লেফটেন্যান্ট কর্নেল অব.)। এরপর দীর্ঘ সময় ধরে জেলাটি মন্ত্রিত্বের বাইরে ছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই সংসদ সদস্য নির্বাচিত হন মিন্টু। শিল্প সাম্রাজ্যের কর্ণধার ও বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে পরিচিত এই ব্যবসায়ী-রাজনীতিক এবারই প্রথম জাতীয় সংসদে আসেন এবং সরাসরি মন্ত্রিসভায় জায়গা করে নেন।

নির্বাচনে ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট।

হলফনামা অনুযায়ী, আবদুল আউয়াল মিন্টুর জন্ম ১৯৪৯ সালের ২২ ফেব্রুয়ারি। পিতা শফিউল্ল্যাহ। তার স্থায়ী ঠিকানা ফেনীর দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর ফরাজী বাড়ি। বর্তমানে তিনি রাজধানীর গুলশানে বসবাস করেন। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর।

ব্যবসায়ী হিসেবে মিন্টুর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চ্যাম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) দুইবারের সভাপতি ছিলেন তিনি। দেশ-বিদেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং শিল্প উদ্যোক্তা হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কার অর্জন করেছেন।