মেহেরপুরে এজলাসে পাথর নিক্ষেপ, আটক ১
প্রতিকি ছবি
মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচার চলাকালে এজলাস কক্ষ লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তেই আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিচারিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
ঘটনার পরপরই শরীফ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিচার চলাকালে হঠাৎ বিকট শব্দে জানালার কাচ ভেঙে একটি পাথর এজলাস কক্ষের ভেতরে এসে পড়ে। এতে বিচারক, আইনজীবী ও উপস্থিত বিচারপ্রার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ঘটনার পরপরই কোর্ট পুলিশের এএসআই নুরুল ইসলাম অভিযুক্ত শরীফকে আটক করেন। আটক শরীফ মেহেরপুর শহরের নতুন শেখপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে।
আদালত সূত্র জানা যায়, আটক ব্যক্তিকে আইনজীবীদের উপস্থিতিতে বিচারকের সামনে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ইসলামের বাণী পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। কিন্তু যোগাযোগ করতে না পেরে এবং আদালতে প্রবেশের অনুমতি না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে এজলাস লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও)সি হুমায়ন কবির জানান, আটক শরীফের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলচ্ছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।