মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
ফাইল ছবি
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আশিক (২০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (৩২) নামে আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বরংগাইল টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর পঞ্চরাস্তা নতুন ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আশিক নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়ীগ্রাম গ্রামের বাসিন্দা মওলা মিয়ার ছেলে ও মো. আলামিন ঝিনাইদহ শৈলকুপা থানার উত্তর কচুয়া গ্রামের ফজল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আশিক ও আলামিন মোটরসাইকেলে পাটুরিয়া ঘাটে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে আশিক মৃত্যুবরণ করেন। এতে আহত হন আলামিন। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ঘিওর থানার (ওসি তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি এবং সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।