আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিটিভির বিশেষ অনুষ্ঠানমালা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিটিভির বিশেষ অনুষ্ঠানমালা

ছবি: সংগৃহীত

২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সারাদিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। মহান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং অমর একুশের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাজানো হয়েছে নানা অনুষ্ঠান।

দিনটি শুরু হবে ভোর ৬টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণের সরাসরি সম্প্রচার দিয়ে। দুপুর ২টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চার দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন, যা সরাসরি প্রচারিত হবে।

শিশু-কিশোরদের জন্য সকাল ১০টায় প্রচারিত হবে ভাষা আন্দোলনভিত্তিক শিশুতোষ অনুষ্ঠান, ১১:০৫ মিনিটে থাকবে ছড়া গান অনুষ্ঠান। ১০:৪০ মিনিটে বিশেষ প্রামাণ্যচিত্রে ভাষা আন্দোলনের ইতিহাস, তাৎপর্য ও সাংস্কৃতিক প্রভাব তুলে ধরা হবে। দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ওপর বিশেষ অনুষ্ঠান, এবং ১২:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে সংগীতানুষ্ঠান ‘ভাষার গান’, যা পরিচালনা করবেন পিয়াল হাসান। গান পরিবেশন করবেন পিয়াল হাসান, সুলতানা চৌধুরী, সাব্বির, স্মরণ, শবনম প্রিয়াংকা, হুমায়রা বশির, স্বরলিপি, স্বীকৃতি, লাবণী ও অনন্যা আচার্য।

দুপুর আড়াইটায় প্রচারিত হবে ‘একুশ মানে মাথা নত না করা’। ৩:১০ মিনিটে থাকবে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। সন্ধ্যা ৬:৩০ মিনিটে কবিতা আবৃত্তি এবং ৭টায় ‘কথা সাহিত্যে অমর একুশে’ শীর্ষক বিশেষ আয়োজনে ভাষা আন্দোলনভিত্তিক গল্প, প্রবন্ধ ও স্মৃতিচারণ তুলে ধরা হবে।

রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘সিদ্ধান্ত’, যা মহান ভাষা শহিদদের আত্মত্যাগ ও ইতিহাসের পটভ‚মিতে নির্মিত।

কাজী আসাদের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। অভিনয় করেছেন মাসুম বাশার, কাজী আসাদ, সালমান আরাফাত, তাবেদার ই রসুল চান্নু, এথেনা অধিকারী, জান্নাত-ই ফেরদৌসী তারা, কবির টুটুল, আরাফাত, আয়েশা, মৌসুমী ইকবাল, মাসুদ ও ইসমাইল হোসেন

রাত ১০টায় প্রচারিত হবে ‘আলেখ্যানুষ্ঠান’, যেখানে ভাষা আন্দোলনের অমর শহিদদের আত্মত্যাগ, সংগ্রাম ও চেতনার আলোয় নির্মিত আয়োজন দর্শকদের সামনে আসবে। রাত ১১টায় অনুষ্ঠিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান।