২০ বার বেঁচে ফেরার পর কাশ্মীরে নিহত মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী
ছবিঃ সংগৃহীত।
ভারত অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ারে রবিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের এক মোস্ট ওয়ান্টেডসহ তিন সন্ত্রাসী নিহত হয়েছে।এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, জইশ সন্ত্রাসী সাইফুল্লাহ গত দুই বছর ধরে এ অঞ্চলে পলাতক ছিলেন। তিনি অন্তত ২০ বার নিরাপত্তা বাহিনীর অভিযান এড়িয়ে যান।
সন্ত্রাসীদের চলাচল সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী এ অভিযান শুরু করে। বাহিনী হামলার প্রস্তুতি নিতে এগোতেই সন্ত্রাসীরা গুলি চালায় এবং সেখান থেকেই বন্দুকযুদ্ধ শুরু হয়। নিরাপত্তা বাহিনী পাল্টা কার্যকর গুলি চালায়। অভিযানে রাজ্য পুলিশ, সিআরপিএফ ও বিশেষ বাহিনীর সদস্যরা অংশ নেন।
ঘটনাস্থল থেকে দুটি অ্যাসল্ট রাইফেল ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই এলাকায় সম্প্রতি সংগঠনটির আরেক গুরুত্বপূর্ণ সন্ত্রাসী আদিল নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন।
গত মাসে চাত্রু বনাঞ্চলে প্রায় অর্ধডজন বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
জানুয়ারিতে শুরু হওয়া অপারেশন ত্রাশি-১ কিশ্তওয়ারের দুর্গম বন ও পাহাড়ি অঞ্চল—চাত্রু, সন্নার, দোলগাম ও দিচ্ছর—কেন্দ্র করে পরিচালিত হচ্ছে, যেখানে একাধিক তল্লাশি ও অভিযানে জোর দেওয়া হয়েছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।