মার্চের শুরুতে ঢাকা আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মার্চের শুরুতে ঢাকা আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী।। ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড. সামির পল কাপুর আগামী মার্চের শুরুর দিকে ঢাকা সফরে আসছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তাঁর দপ্তরে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা এবং অভিবাসনের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রাধান্য পায়। আলোচনার একপর্যায়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের আসন্ন বাংলাদেশ সফরের বিষয়টিও উঠে আসে।
ড. সামির পল কাপুর গত বছরের অক্টোবরে ডোনাল্ড লু-র স্থলাভিষিক্ত হয়ে ‘অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স’ পদে দায়িত্ব গ্রহণ করেন। ভারতীয় বাবা ও মার্কিন মায়ের সন্তান পল কাপুরের জন্ম ভারতের দিল্লিতে। তিনি ম্যাচাচুসেটসের অ্যামহার্স্ট কলেজ থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি সম্পন্ন করেছেন।
পল কাপুর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও পরমাণু অস্ত্রের নীতি নিয়ে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। দায়িত্ব পাওয়ার আগে মার্কিন সিনেটে পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির শুনানিতে তিনি বলেছিলেন, আমেরিকার স্বার্থ অনুযায়ী ভারত-আমেরিকা সম্পর্ক এবং এই অঞ্চলের নিরাপত্তা ও কৌশলগত অংশীদারিত্ব জোরদারে তিনি কাজ করতে আগ্রহী। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তার ঢাকা সফরটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন সমীকরণ তৈরিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।