রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাদারীপুরে বাজার মনিটরিং

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাদারীপুরে বাজার মনিটরিং

সংগৃহীত ছবি

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরাসরি বাজার মনিটরিংয়ে নেমেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী জাহান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকালে তিনি মাদারীপুর পৌর শহরের ইটেলপুল বাজার পরিদর্শন করেন। এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কাঁচাবাজার, মাছবাজারসহ বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে এমপি জাহানদার আলী জাহান বাজার ব্যবস্থাপনায় কিছু অসংগতি ও পরিচ্ছন্নতার ঘাটতির কথা উল্লেখ করে দ্রুত তা সমাধানের নির্দেশ দেন। তিনি বলেন, “বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং প্রয়োজন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানাতে হবে এবং সেই তালিকা অনুযায়ী বিক্রি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “রমজানে সাধারণ মানুষের কষ্ট যেন না বাড়ে, সে জন্য প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে কাজ করতে হবে। কেউ অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা নেওয়া হবে, তবে আমরা চাই সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করুক।”

এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা রুবেল মিয়া, র‍্যাব ও পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা