মাদারীপুর শহরে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক
ফাইল ছবি
মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় সোমবার রাতে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে টানা তিন দিন একই এলাকায় তিন দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে আমিরাবাদ এলাকার বাসিন্দা ড্রাইভার কাওসার হোসেনকে ডিসি ব্রিজ এলাকার কয়েকজন যুবক মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ডিসি ব্রিজ, কলেজ রোড ও আমিরাবাদসহ আশপাশের এলাকায় কিশোর ও যুবকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে অন্তত ২০টি ককটেল বিস্ফোরণ ঘটে বলে জানান স্থানীয়রা। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে ঘর থেকে বের হননি। দোকানপাট দ্রুত বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।