সার্ককে শক্তিশালী করতে সক্রিয় উদ্যোগ নিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সংগৃহীত ছবি
সার্কের পুনর্জাগরণে বাংলাদেশের অবিচল সমর্থন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সংস্থাটিকে আরো শক্তিশালী করতে বাংলাদেশ সক্রিয় উদ্যোগ নিতে প্রস্তুত বলেও উল্লেখ করেছেন তিনি। গতকাল মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার। এ সময় খলিলুর রহমান এসব কথা বলেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী সার্ক সনদে উল্লিখিত নীতিমালা মেনে চলার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সেগুলো হলো সার্বভৌম সমতা, ভৌগোলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সদস্য রাষ্ট্রের জনগণের পারস্পরিক কল্যাণ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সার্ক বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, দারিদ্র্য বিমোচন, শক্তি, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, জনস্বাস্থ্য, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক যোগাযোগসহ আঞ্চলিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে মূল্যবান ভূমিকা রাখতে পারে।’
আমিরাতের শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ : বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামুদি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে আমিরাতের শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশ ও আমিরাতের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারি পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী প্রায় ১.২ মিলিয়ন বাংলাদেশি প্রবাসীকে আতিথেয়তা দেওয়ার জন ্য সংযুক্ত আরব আমিরাতের প্রশংসা করেন এবং শ্রম ভিসা পুনরায় চালু এবং ব্যবসা ও ট্রানজিট ভিসাসহ বৃহত্তর গতিশীলতা সহজতর করার অনুরোধ করেন। উভয় পক্ষই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীরতর এবং পারস্পরিক সুবিধার জন্য জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।