কালীগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

কালীগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রতিকি ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর সাড়ে চার বছরের এক কন্যা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তাবাসসুম নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান,  বুধবার বিকেল আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে বাদুড়গাছা গ্রামের এক কৃষক বিদ্যালয়ের পেছনের দিকে মাঠে যাওয়ার সময় একটি রক্তমাখা বস্তা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে শিশুটির লাশ উদ্ধার করে। উদ্ধার করা লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লাল হোসেন জানান, বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। 

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করতে পুলিশ সক্ষম হবে।