গাইবান্ধায় হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার
প্রতিকি ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। এর আগে এদিন ভোর ৫টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাজীর চক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে স্বপন মিয়া (২০), ছামছুল রহমানের ছেলে সৌরভ রহমান (২১), মৃত আব্দুল মান্নান সরকারের ছেলে হাসান রহমান (২২) ও রাখালবুরুজ ইউনিয়নের সরকারপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে নুর আলম সরকার (২২)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদ, বিকাশ, রকেট হ্যাকিংয়ের মাধ্যমে অসহায় ও হতদরিদ্র মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তা ভাতাভোগীদের লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাজীর চক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুল মান্নান সরকারের ছেলে হাসান রহমানের বাড়ি থেকে চার হ্যাকারকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে এর আগেও গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা চলমান রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।